হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার একদল বাসিন্দা। উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন তারা। সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।
এদিকে, হামাস সোমবার (২০ মে) রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
গাজাবাসীর দাবি, গাজা নিয়ে রাইসির নিষ্ক্রিয়তার কারণে তার জনপ্রিয়তা কমেছে। নাজি খোদেইর নামের এক বাসিন্দা বলেন, তিনি কখনো আমাদের সমর্থন করেননি, কখনো তার প্রতিশ্রুতি রাখেননি, যুদ্ধবিরতির আহ্বান জানাননি এবং কখনও আমাদের পাশে দাঁড়াননি। তিনি আমাদের নিয়ে মোটেও উদ্বিগ্ন নন।
ইলাল খোদারি নামের এক বাস্তুচ্যুত গাজাবাসী বলেন, তিনি (রাইসি) আমাদের কেউ নন এবং গাজারও কেউ নন।
হামাসের ৭ অক্টোবরের ইসরায়েলে হামলাকে সাধুবাদ জানিয়েছে ইরান। হামাসকে আর্থিক ও সামরিকভাবে সাহায্য করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে, তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।
