জাল ভোট দেওয়ায় দুই তরুণের কারাদণ্ড, ৬ নির্বাচন কর্মকর্তা আটক 

আপডেট : ২১ মে ২০২৪, ২১:২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালে দুই তরুণকে ৬ মাস কারাদণ্ড, এক যুবককে ‌১০ হাজার টাকা জরিমানা ও ৬ নির্বাচনী কর্মকর্তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকালে ও দুপুরে উপজেলার পদিপাড়া নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। 

এ সময় জাল ভোট দেওয়ায় অভিয়োগে দুই তরুণকে ৬ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। দণ্ডিতরা হলেন আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিপন হোসেন ও মজিবুর রহমান।

এরপর দুপুরে একই আদালত উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করে হাবিব উল্লাহ নামের এক যুবককে জাল ভোট দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা এবং জাল ভোটে সহযোগিতা করায় ২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ পোলিং অফিসারসহ ৬ জনকে আটক করেন।
 
আটককৃতরা হলেন ওই কলেজ কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার মো. তাজুল ইসলাম, মো. কামাল উদ্দিন ও পোলিং অফিসার মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম, সাবিনা ইয়াসমিন। তাদেরকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এই ভোট কেন্দ্রে নতুন সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হয়।

আটকৃতদের পুলিশে হস্তান্তর করে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন । 

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন বলেন, ২ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪ পোলিং অফিসারকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরে প্রস্তুতি চলছে। বিকালে অপর দুই সাজাপ্রাপ্ত আসমিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও