ময়মনসিংহ-৩ আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০০:১০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মসিংহ-৩ (গৌরীপুর) আসনের ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে রবিবার যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ও ১০জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করে জানান, এ আসনে যাদর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও ডাঃ আব্দুস সেলিম, জাকের পার্টির গোলাম মোহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী, তরিকত ফেডারেশনের প্রাণেশ পণ্ডিত ও ইসলামী আন্দোলনের মোঃ আইয়ূব আলী।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান। তার উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ নেতাদের মাঝে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অণু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভিপি বাবুল।

এছাড়া ন্যাপের মোঃ আব্দুল মতিন মাস্টারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। উল্লেখ্য গত বুধবার (২৮ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এ আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ইত্তেফাক/আরকেজি