মেক্সিকোর মার্কিন কনস্যুলেটে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় গুয়াডালাজারা শহরে মার্কিন কনস্যুলেট চত্বরে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে যে গ্রেনেডটি দূর থেকে ভেতরে ছোঁড়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রতিনিধি দলের সফরের কয়েক ঘন্টা আগেই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। শনিবার সকালেই মেক্সিকোর গুয়াডালাজারা শহরে পৌঁছেছে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা ইভাঙ্কা ছাড়াও ওই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। -এনডিটিভি
