রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে গত শনিবার রাত থেকে আজ সকাল অবধি বৃষ্টির প্রভাবে মতিঝিল ট্রাফিক বিভাগের বনশ্রীর বিটিভি গোলচত্তর, খিলগাঁও তালতলা, অলিম্পিক ভবনের সামনে, রামপুরা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা, রাজারবাগ টেলিকম ভবনের বিপরীত পার্শ্ব, এবং মতিঝিল পাতাল মার্কেট এলাকায় ঝোড়ো বাতাসের কারণে রাস্তার উপর গাছ ভেঙে পড়ে। এ সময় ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
খবর পেয়ে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা নিতে। এছাড়া ডিসি ট্রাফিক মতিঝিলের নিজ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সরাসরি কথা বলে দ্রুততার সহিত গাছগুলা রাস্তা থেকে সরিয়ে জন ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে ফকিরাপুল থেকে দৈনিক বাংলা, ফকিরাপুল থেকে শাপলা এবং নটরডেম কলেজের সামনে হাঁটু পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়। প্রচন্ড এই জলবদ্ধতার মধ্যেও ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সদস্যগণ হাঁটু পানিতে ছাতা, গামবুট ও রেইনকোট পরিধান করে সম্মানিত নগরবাসীকে সেবা প্রদান করে যাচ্ছে।
এছাড়া, গত কয়েক দিনের বৃষ্টির প্রভাবে বিভিন্ন রাস্তায় অন্তত ২৫ টির অধিক গাড়ি বৃষ্টির পানিতে অকেজো হয়ে যায়, এইসব গাড়ি অতি দ্রুততার সহিত রেকার ব্যবহার করে সরিয়ে দিয়ে রাস্তা সচল রাখা হয়।
এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক মতিঝিল বলেন, মাননীয় কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবের মধ্যেও থেমে নেই ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মযজ্ঞ। সম্মানিত নগরবাসীকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে কাজ করে যাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ। ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে। ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।
