বিনোদন রিপোর্ট
ছোটপর্দার জনপ্রিয় মুখ শার্লিন ফারজানা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। ‘জাগো’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর অনেকদিন কাটলেও নতুন সিনেমায় দেখা যায়নি তাঁকে। তবে মাঝে ছোটপর্দায় বেশ ব্যস্ত সময় কাটান তিনি। এরমধ্যে বেশ কয়েকটি নাটকের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এ বছর তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে।
জানা যায়, অক্টোবর মাসে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প-নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন পরিচালক নিজেই।
সিনেমাটি প্রসঙ্গে শার্লিন বলেন, ‘অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তির। সিনেমাটির গল্প থেকে সবকিছুই দর্শকদের ভালো লাগবে আশা করি। এখন অপেক্ষা সিনেমাটির মুক্তি ও দর্শকদের প্রতিক্রিয়ার।’
শিগগিরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।
