কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিসিআই ও বিএপিএ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:০১

কৃষি ও কৃষিভিত্তিক শিল্প উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বিএপিএ)। সম্প্রতি বিসিআইয়ের বোর্ড রুমে মতবিনিময় সভায় এ তথ্য জানানে হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। বিসিআই সহসভাপতি প্রীতি চক্রবর্তীসহ অন্যান্য পরিচালক সভায় উপস্থিত ছিলেন। বিএপিএর সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর নেতৃত্ব প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করে। সংগঠন দুটি একসঙ্গে কাজ করলে ২০২১ সালের মধ্যে এই খাতে ২ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। কৃষি এবং কৃষিভিত্তিক পণ্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিংসহ প্রয়োজনীয় সব ক্ষেত্রে সহায়তা করবে বিসিআই। বিসিআই সভাপতি বলেন, পণ্যের মানের সঙ্গে কোনো প্রকার আপস না করে সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করার জন্য একসঙ্গে কাজ করব। বিসিআই ও বিএপিএ একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করে এই খাতের সমস্যাসমূহ দ্রুত দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি