ছোবল দেওয়া সাপ নিয়েই হাসপাতালে কৃষক 

আপডেট : ৩১ মে ২০২৪, ১৯:১৫

ধানক্ষেতে কাজ করার সময় একটি সাপ ছোবল দিয়েছিল কৃষককে। তিনি আতঙ্কিত না হয়ে সাপটি ধরে পিটিয়ে মারেন এবং তা নিয়েই চলে যান হাসপাতালে। শুক্রবার (৩১ মে) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কৃষকের নাম হেফজুল আলী (৪৫)। তিনি পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে। 

শুক্রবার সকালে ধানক্ষেতে কাজের সময় কৃষক হেফজুলের গালে ছোবল দেয় সাপ। সাপটিকে মেরে ফেলার পর হেফজুল প্রথমে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টার দিকে তিনি একটি মৃত সাপ নিয়ে রামেক হাসপাতালে যান। তখনো তিনি মৃত সাপের লেজ ধরে ছিলেন। 

হাসপাতালে আসার পর তিনি নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন ১৬ নম্বর ওয়ার্ডে। তার এ কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকে এ সময় হেফজুলের দিকে অবাকদৃষ্টিতে তাকিয়ে থাকেন। 

হাসপাতালের চিকিৎসকেরা হেফজুলকে জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল। 

ইত্তেফাক/ডিডি