স্পোর্টস ডেস্ক
ইনজুরি-জর্জরিত অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ যখন প্রবল, তখনই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটায় তারা হারল ১০ রানে। এমন অবস্থায় আর ‘সুযোগ’ নিতে নারাজ দলটি। তাই অনেকটা বাধ্য হয়েই ম্যাথু ওয়েড ও মিশেল মার্শকে উড়িয়ে আনল দলটি।
মার্শ ও ওয়েড ইংল্যান্ডে থাকছেন অস্ট্রেলিয়া দলের ‘ব্যাক-আপ’ হিসেবে। কারণ ইনজুরির কারণে উসমান খাজা ও মার্কাস স্টোয়িনিসকে বিশ্বকাপের বাকিটা সময় পাওয়া নিয়ে শঙ্কা আছে। এরা শেষ অবধি বাদ পড়ে গেলে সরাসরি দলে ঢুকে যাবেন মার্শ-ওয়েড।
গেল শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন খাজা। অন্যদিকে অলরাউন্ডার স্টোয়িনিস সাইড স্ট্রেইনের কারণে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে, সেমিফাইনালের আগে আন-ফিট কাউকে নিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক দল ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার ম্যাচটা অনুষ্ঠিত হবে এজবাস্টনে। গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য এই ইংল্যান্ডের বিপক্ষেই হেসে-খেলে জিতে গিয়েছিল অ্যারন ফিঞ্চের দল।
খাজা ও স্টোয়িনিসের স্ক্যান করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময়ে ওয়েড ও মার্শ ইংল্যান্ডে থাকলেও তাঁরা থাকবেন সাসেক্সে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্যাম্পে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে এই খবরের সত্যতা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, ‘ম্যাথু ওয়েড ও মিশেল মার্শ অস্ট্রেলিয়া দলের ব্যাক আপ হিসেবে ইংল্যান্ডে ‘এ’ দলের ক্যাম্পে থাকবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় পরাজয়ের ম্যাচে উসমান খাজা ও মার্কাস স্টোয়িনিসের ইনজুরির জন্যই নির্বাচক প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, খাজা ও স্টোয়িনিসের স্ক্যানের পরই তাঁদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, খাজার ইনজুরিটা গুরুতর। বিশ্বকাপে তাই তাঁর আর খেলার সম্ভাবনা খুবই কম।’
অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করছেন, উসমান খাজা সেমিফাইনালের আগে সেরে উঠতে পারবেন না। বোঝা-ই যাচ্ছে, ম্যাথু ওয়েডের স্কোয়াডে ডাক পাওয়া এখন কেবল কিছু সময়ের অপেক্ষা মাত্র।
