চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া ভাই খলিফাপাড়া সড়ক বিভিন্ন স্থানে ভেঙে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মহাসড়কের সঙ্গে সংযুক্ত আড়াই কিলোমিটার দীর্ঘ খলিফাপাড়া সড়কটির বেহালের কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাকে। শেখপাড়া, খরল্ল্যা মুড়া এলাকার লোকজন ছাড়াও আফজল সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের একমাত্র চলাচলের মাধ্যম এ সড়কটি। ইট বিছানো এই সড়কটির বিভিন্নস্থানে ইট উঠে গিয়ে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। যার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা আবু জাফর জানান, তিন বছর আগে ভাই খলিফা সড়কে ইট বিছানো হয়। ভারী বর্ষণে সড়কটির অনেকস্থানে ভেঙে পড়েছে। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল কষ্টসাধ্য হয়ে যাওয়ায় সংস্কার করা একান্ত জরুরি। চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কটির শীঘ্র সংস্কার কাজ করা হবে।
