বেনাপোল (যশোর) সংবাদদাতা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেছেন, এবারের বাজেট বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব। দেশে যাতে বিনিয়োগ বেশি হয় সেজন্য ডিউটি এডজাস্ট করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়ানো ও কমানো হয়েছে। দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।
রবিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে বন্দরের লিংক রোড ও প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্ট যাত্রীদের ট্রলি ব্যবস্থার উদ্বোধন শেষে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যে সহজিকরণ করা। বাণিজ্য সহজ হলে উভয় দেশের ব্যবসায়ীদের সুবিধা হবে সে সুবিধা জনগণও ভোগ করবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বহিরাগত দালালরা যাত্রীদের ব্যাগেজ টানাটানি করতে না পারে সেজন্য ল্যাগেজ ট্রলি দেওয়া হয়েছে।
এ সময় এনবিআর মেম্বার এডমিন খন্দরকার আমিনুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত্ কান্তি রায়, বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
