চাঁদপুরের জেলা ও দায়রা জজের বাসায় চুরি

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২১:৪৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খানের বাসভবনে রবিবার ভোর রাতে চুরি হয়েছে। শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে জেলা জজের বাসভবনে এই ঘটনা ঘটে। চোর চক্র জজের বেড রুমের জানালা দিয়ে মশারি কেটে তার স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যায়। একই সময় পাশের বাসা থেকে চুরি হয় একটি মোবাইল ও ল্যাপটপ।

জজ মো. জুলফিকার আলী জানান, আমার বাসভবনের চারদিকে যে দেয়াল রয়েছে, তা খুবই নিচু। বাসভবনসহ দেয়ালের সংস্কার কাজ করার জন্য আমি প্লান পাস করিয়ে চাঁদপুর গণপূর্ত বিভাগকে একাধিকবার জানিয়েছি। তারা এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। সিসিটিভি ক্যামেরার চাহিদা দেয়া হয়েছে, সেটাও হয়নি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কোনো মাদকাসক্ত চোর কিংবা পেশাগত মোবাইল চোর এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কারণ তারা শুধু মোবাইলটিই চুরি করেছে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।