বরিশাল অফিস
বরিশালের গজারিয়া নদীতে ঢাকাগামী লঞ্চ থেকে পরে যাওয়া নারীকে রবিবার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন ১০ এর পেছন থেকে হেনারা বেগম (৫০) নামে এক নারী কাজিরহাটের নলবুনিয়া এলাকার গজারিয়া নদীতে পরে যায়। খবর পাওয়ার পর থেকে নৌবাহিনী, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ আশপাশের বেশ কয়েকটি থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে। কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হেনারা বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার মন্টু হাওলাদারের স্ত্রী।
অচল অবস্থা বরিশাল নার্সিং কলেজে
দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস “বিসিএস সেবা” চালুর দাবি জানান। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীতকরার দাবি জানান।
