নোয়াখালী প্রতিনিধি
ভুয়া ড্রাগ লাইসেন্স প্রদান করে টাকা নেওয়ার সময় জেলা শহর মাইজদী থেকে বাহার উদ্দিন (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জালিয়াতি ও প্রতারণার দায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বাহার উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।
আদালতের সূত্রে জানা যায়, জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বসে বাহার উদ্দিন ভুয়া ড্রাগ লাইসেন্স প্রদান করে এক ব্যক্তি থেকে টাকা নিচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ভুয়া ড্রাগ লাইসেন্স এবং কয়েকটি কপি উদ্ধার করা হয়।
