সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। সৌদি আরবে চলমান সংস্কারমূলক কর্মসূচির অন্যতম হলো বিদেশিদের তাড়িয়ে দিয়ে তাদের দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশি যাঁরা কর্মরত আছেন তাঁরা তাঁদের আয়ের সর্বোচ্চ অংশ দেশে তাদের পরিবার-পরিজনের কাছে পাঠিয়ে থাকেন। এই প্রবাসীদের উপার্জিত টাকা আমাদের বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এবার রমজান মাসে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের মধ্যে যাঁরা ছোটখাটো ব্যবসা করেন, তাঁরা ছোট ছোট দোকান খুলতে পারেননি কড়া চেকিংয়ের কারণে। ফলে তাঁদের ব্যবসা ক্ষতির মুখে পড়ে, বিশেষ করে খাবার ও কাপড়ের দোকানদাররা বেশি ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। বিষয়টি দ্রুত অনুধাবন করে কার্যকর পদক্ষেপ নিয়ে মোকাবিলা করলে মধ্যপ্রাচ্য প্রবাসী কর্মজীবীদের চরম আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারি প্রতিনিধিদের সৌদি আরবের বিভিন্ন শহরে পাঠিয়ে প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে সৌদি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে—পরিশেষে এটাই প্রত্যাশা।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘির দক্ষিণ পাড়, সদর, সিলেট ৩১০০
