ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
বিশেষ প্রতিনিধি
পুরান ঢাকায় কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির সময় ছুরিকাঘাতে আহত শায়ন নামের এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন। গতকাল শনিবার মধ্যরাতের দিকে গেন্ডারিয়ার একটি স্কুলের কিশোরদের মধ্যে এই মারামারির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শায়ন। গতকাল রবিবার ভোরের দিকে চিকিত্সাধীন অবস্থায় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে শাওন মারা যান।
নিহত শায়ন শ্যামপুর এলাকার হারুন অর রশিদের ছেলে। সে ২০১৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করে। এ ঘটনায় আহত অপর দুই কিশোর শাওন ও দুদু মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে মারামারির ঘটনায় তিনজন আহত হয়। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। আর এক জনকে তার স্বজনরা মহাখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, গেন্ডারিয়া ও ঢালকা নগরের দুই গ্রুপের আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। শায়ন খুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
০
