মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০৩ টাকা ব্যয়ে গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠীর ৯৯ জনসহ ১৪৪ জন তরুণ-তরুণী এবার পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। গতকাল রবিবার পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের মিট দ্য প্রেস এ পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম এ কথা জানান। এসময় চাকরিপ্রাপ্ত ১৪৪ জন তরুণ-তরুণীও উপস্থিত ছিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণ) আবু সায়েম প্রধান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আনোয়ার হোসেন প্রমুখ। এসপি আরো জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী বাংলাদেশ পুলিশ। তাই এ বাহিনীর ভাবমূর্তি অব্যাহত রাখতেই অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে চলতি বছর শুধু মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, কোনোরকম দুর্নীতি ছাড়া নিয়োগ সম্পন্ন করবে গাইবান্ধা জেলা পুলিশ। এ কথা সবাইকে জানাতে নিয়োগ পরীক্ষার দুই/তিন মাস আগে থেকেই তিনি নিজে জেলার বিভিন্ন মসজিদ, এতিমখানা, হাট-বাজার, চরাঞ্চলসহ প্রত্যন্ত পল্লিতে গিয়ে বক্তব্য দিয়ে সবাইকে সচেতন করতে চেষ্টা চালিয়েছেন। শুধু তাই নয়, জেলার বিভিন্ন স্থানে প্যানা টাঙানো ও লিফলেট বিতরণ এবং ফেসবুকেও প্রচার চালানো হয়েছে।
জানা গেছে, ১৪৪ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে ৯৯ জন অতিদরিদ্র পরিবার থেকে এসেছেন। তাদের অনেকে পিতামাতা হারা এতিম। আবার অনেকের পিতামাতা চরাঞ্চলের অতিদরিদ্র কৃষক, নৈশপ্রহরী, দর্জি, দিনমজুর, ভূমিহীন বর্গাচাষি, শ্রমজীবী, রিকশা-ভ্যানচালক এবং গৃহপরিচারিকার কাজ করেন। গত ২৯ জুন পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শারীরিকভাবে যোগ্য প্রার্থীরা ৩০ জুন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষায় অংশ নেন।
