জেসিআই ঢাকা ফাউন্ডার্স-এর উদ্যোগে কর্মজীবী নারীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার জন্য একটি ৪ মাসব্যাপী আয়োজনের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৮ জুন অনুষ্ঠিত এই কর্মশালার বিষয় ছিল ‘নার্সারিং মেন্টাল ওয়েলবিং ফর প্রফেশনাল উইমেন’। মোট ৬টি সেশন নিয়ে এই কর্মশালাটি মিরপুর ডিওএইচএসের ফাউন্ডার্স হাবে কয়েক সপ্তাহের ব্যবধানে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
সাইকোথেরাপিস্ট, এবং এনএলপি প্রাকটিশনার, মুনজিয়া মোসতাক, কর্মশালাটি পরিচালনা করেন। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ফাউন্ডারস-এর ইভিপি সাইদুর মামুন খান, সেক্রেটারি জেনারেল এস এম মেহেদী হাসান, লোকাল ডিরেক্টর নাহারে জান্নাত এবং সাইকিউর-এর ফাউন্ডার মুরাদ আনসারি।
গত এক দশকে পেশাগত চাপ ক্রমাগত বাড়ছে এবং মানসিক উদ্বেগের শিকার হচ্ছেন নারী-পুরুষ উভয়েই। তবে নারীদের ক্ষেত্রে ঝুঁকিটা বেশি, কারণ কর্মক্ষেত্রের পাশাপাশি ঘরেও তাদের সমানভাবে পরিশ্রম করতে হয়। ফলে দিনশেষে নিজেদের শারীরিক বা মানসিক যত্ন নেওয়ার পর্যাপ্ত সময় বা শক্তি তাদের থাকে না। এভাবে প্রতিদিন ঘরে ঘরে নারীরা মুখোমুখি হচ্ছেন বিভিন্ন সমস্যার, যার মধ্যে রয়েছে মেদাধিক্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি। কর্মজীবী নারীদের এসব সমস্যা থেকে রক্ষা পেতে তাদের প্রয়োজন যত্ন, পুষ্টিকর খাবার, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই জেসিআই ঢাকা ফাউন্ডার্স এই কর্মশালার আয়োজন করেছে।
ফাউন্ডারস-এর ইভিপি সাইদুর মামুন জানান, জেসিআই বাংলাদেশের নির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা অন্যতম। এরই ধারাবাহিকতায় জেসিআই ঢাকা ফাউন্ডার্স এই আয়োজন করেছে।
সেশনে অংশগ্রহণকারী আফ্রিদা জাহান চৌধুরী বলেন, ‘স্ট্রেসের মধ্যে দিয়ে কম-বেশি আমরা সবাই প্রতিনিয়ত যাই। স্ট্রেসকে সবসময় নেতিবাচকভাবে দেখা উচিত নয়; স্ট্রেস থেকে আমরা ইতিবাচক কিছু শিখতেও পারি। এই সেশনের মাধ্যমে আমরা কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে পারি সে সম্পর্কে জানছি।’
