সাইনবোর্ড এলাকায় বাস চাপায় শিক্ষার্থী নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৪৯

বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হওয়ার  ঘটনায় বিক্ষুব্ধ  জনতা ঐ পরিবহনসহ আরো দুটি বাসে আগুন ও ভাঙচুর করেছে। গতকাল রবিবার রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহতের নাম নূর মোহাম্মদ বাদল (২০)। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী বন্ধন পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাদল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর ঐ বাসচালক দ্রুত পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়ো হয়ে বন্ধন পরিবহনের আরো দুটি বাস আটক করে আগুন ধরিয়ে ভাঙচুর করতে থাকে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বাদল নামের একজনের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছিল। ঘাতক বাসচালককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়।