গাজীপুরে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর দাক্ষিণখান এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার উত্তরার কামারপাড়া এলাকার হাকিম আলীর ছেলে সোলেমান হোসেন (৩২) ও নেত্রকোনার আব্দুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন (৪০)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রবিবার ভোর সাড়ে ৪টার দিকে জয়দেবপুর স্টেশন হয়ে ধীরাশ্রম এলাকা অতিক্রম করছিল। এ সময় দাক্ষিণখান এলাকায় একটি বালুবাহী ট্রাক অরক্ষিত ক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেললাইনের ওপর আসতেই বিকল হয়ে পড়ে। একপর্যায়ে ঢাকাগামী ট্রেনটি ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোলেমান মারা যান। তাদের একজন ট্রাকের চালক, অপরজন সহকারী। ট্রাকের ওপর থাকা আহত দুজনকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় ব্যক্তিরা। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
