এবার কাশ্মীরে প্রভাব বিস্তার করছে আরএসএস

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০০:৫৩

এবার ভারতের সবচেয়ে স্পর্শকাতর রাজ্য জম্মু ও কাশ্মীরে উপস্থিতি জোরালো করতে চাইছে বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। তারা কাশ্মীরে নতুন শাখা খুলছে। একইসঙ্গে আরএসএসের শীর্ষ নেতৃত্ব জম্মু অঞ্চলে বিধানসভা আসনের সীমানা নির্ধারণের ব্যাপারে মোদি সরকারের উদ্যোগকে অনুমোদন দিয়েছেন। এর মাধ্যমে জম্মু-কাশ্মীর বিধানসভায় জম্মুর আসন সংখ্যা বাড়বে।

আরএসএসের শীর্ষ সূত্র বলছে, সন্ত্রাসবাদে আক্রান্ত কাশ্মীর উপত্যকায় বেশ কিছু পুরোনো মন্দির এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হিন্দু তীর্থযাত্রীদের জন্য এসব মন্দির সংস্কার করা হবে এবং পুনরায় খুলে দেওয়া হবে। এসব মন্দিরের মধ্যে একটি ক্ষীর ভবানি মন্দির। গত মাসে এক বার্ষিক অনুষ্ঠানে এই মন্দিরে কাশ্মীরি পণ্ডিতদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঐ অনুষ্ঠানে গভর্নর সত্য পাল মালিক ঐ মন্দিরে কাশ্মীরি পণ্ডিতদের থাকার বিশেষ ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেন।

শুধু কাশ্মীর নয় জম্মুতেও পরিত্যক্ত মন্দিরগুলো পুনরুদ্ধার করতে চায় আরএসএস। তারা জম্মু ও কাশ্মীরে একাল বিদ্যালয়া (এক ক্লাস, এক শিক্ষক নামে) একটি বড়ো প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। এই প্রকল্পের সঙ্গে এখন প্রায় ৬ হাজার শিক্ষক যুক্ত আছেন। এর বাইরে আরএসএস আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণরেখার কাছাকাছি মুসলিমদের বসবাসের দিকেও নজর দিচ্ছে। প্রায় সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ফলে এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হতে বাধ্য হয়। অনেক প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। সর্বোপরি নিরাপত্তাহীনতায় ভুগে। এসব সমস্যার সমাধানে জোর প্রচেষ্টা শুরু করেছে আরএসএস।