নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে বিআরটিএ ও পুলিশের যৌথ অভিযান

আপডেট : ২৫ জুন ২০২৪, ১৫:১৪

নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ, জেলা প্রশাসন ও জেলা পুলিশ। এ সময় আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট খেলাপি, রেজিস্ট্রেশন-বিহীন মোটরযান ও লাইসেন্স-বিহীন চালকদের বিরুদ্ধে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে ০৬টি যানবাহনে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে ভ্রমমাণ আদালতের মাধ্যমে তদারকি করা হয়। 

মঙ্গলবার (২৫ জুন) শহরের নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের গাবুয়া এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে এইচ তাসফিকুর রহমান। উক্ত অভিযানে ‘নো হেলমেট নো ফুয়েল’ বাস্তবায়নের উপরও গুরুত্ব দেয়ার পাশাপাশি মহাসড়কে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের আইনের আওতায় আনা হয়।

বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী বলেন ‘মহাসড়কে যারা হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল নিয়ে ছুটছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে। অভিযানে এ জেলার পেট্রোল পাম্পসমূহে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত তদারকি কার্যক্রম চলমান আছে।

অভিযান প্রসঙ্গে বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব সুজিত রায় বলেন- ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অভিযান নিয়মিত পরিচালনা অব্যাহত রয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কপথে গণপরিবহণের নিরাপত্তা, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা নিশ্চিত করতে মঙ্গলবার (২৫ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন গণপরিবহণের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন ও ভাড়ার তালিকাসহ অন্যান্য জরুরী প্রয়োজনীয় বিষয়ে যাচাই-বাচাই করা হয়। এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর আইনের ধারা ভঙ্গ করায় ৬ টি যানবাহনের চালককে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলার আওতায় এনে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উক্ত যৌথ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট; বিআরটিএ, নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক ও সহকারী রাজস্ব কর্মকর্তা; সুধারাম মডেল থানার পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ইত্তেফাক/এএইচপি