আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

বাঘায় মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং

আপডেট : ২৫ জুন ২০২৪, ২২:৫৩

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের মানববন্ধনে হামলার ঘটনায় বিচার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে এলাকায় পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে আহত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে নির্মমভাবে হত্যার চেষ্টাসহ বর্বরোচিত ছবি রয়েছে। 

জানা গেছে, পোস্টারের ছবিতে পৌর মেয়র আক্কাস আলী ও তার ভাগনাসহ ৫ জন কুখ্যাত সন্ত্রাসীর উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বলেও জানা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, বাঘা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন মোড়ে ‘এই নৃশংসতার শেষ কোথায়’? উল্লেখ করে পোস্টার সেটে দেওয়া হয়েছে। সেই পোস্টারের উপরের অংশে আহতদের ছবি এবং নিচের অংশে অভিযুক্তদের সন্ত্রাসী উল্লেখ করে ক্রস চিহৃ দিয়ে ছবি সংযুক্ত করা হয়েছে। ছবিতে মেয়র আক্কাস আলী ও তার ভাগনা মেরাজুল ইসলাম মেরাজ, যুবলীগ নেতা আব্দুল মোকাদ্দেস, সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ জামান ও মাইনুল ইসলাম ওরফে মুক্তার। সেখানে উপজেলা আওয়ামী লীগের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে পোস্টারে উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। 

এদিকে মানববন্ধনে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের উপরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা, ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের পর থেকে এলাকার রাজনৈতিক নেতারাসহ সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক। ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে এ মামলার প্রধান আসামি আক্কাস আলীসহ তার প্রধান-প্রধান সেনাপতিরা। যাদের ছবি পোস্টারে শোভা পাচ্ছে।  

সর্বশেষ গত ২২ জুন সকালে পৌর মেয়র আক্কাস আলীর অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে ডাক দেন বাঘা উপজেলা আওয়ামী লীগ। আর এতে ক্ষিপ্ত হয়ে মেয়র আক্কাস আলী পৌর কার্যালয়ের সামনে থেকে পুলিশ ব্যারিকেট ভেঙে উপজেলা আওয়ামী লীগের মানববন্ধনে যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও অভিমত ব্যক্ত করেন অনেকে।

ইত্তেফাক/পিও