কোহলি কেন 'কিং কোহলি'

আপডেট : ৩০ জুন ২০২৪, ১৪:৩৮

আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পুনরুদ্ধার করতে মার্কিন মুল্লুকে পা রাখেন 'কিং কোহলি'। এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে বাদ দিলে ফাইনালের আগে নিষ্প্রাণ ছিলেন কোহলি। সাত ম্যাচে এই ব্যাটারের ব্যাট থেকে ১০.৭১ গড়ে আসে ৭৫ রান। তারকা ব্যাটারের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ভক্ত-সমর্থকরা। অনেকেও বলেই দিলেন ফুরিয়ে গেছেন কোহলি। 

তবে নিজ দলের সবচেয়ে তারকা ব্যাটার ঠিক সময় জ্বলে উঠবেন, এমন বিশ্বাস ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। ফিরলেনও কোহলি, দলের বিপদের সময় হাসল তার ব্যাট। ভারত পেল ১৩ বছর পর কোনো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ। সেই সঙ্গে শেষবারের মতো কোহলি মাড়িয়ে গেলেন বিশ্বকাপের মঞ্চ। নিজের শেষ বিশ্বকাপে তৈরি করে গেলেন ইতিহাস। ২০১১ সালে শচীন টেন্ডুলকারের পর এবার রোহিত শর্মার সঙ্গে উঁচিয়ে ধরলেন স্বপ্নের ট্রফি। তার হাতেই উঠল ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিতকে বিরাটের ব্যাটিং নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'বিরাট একজন মানসম্পন্ন খেলোয়াড়। যে কোনো খেলোয়াড়ই এমন সময়ের মধ্য দিয়ে যেতে পারে। আমরা তার ক্লাস বুঝতে পারি। আপনি যখন ১৫ বছর ধরে খেলেন, ফর্ম কখনোই সমস্যা হয় না। সে সম্ভবত ফাইনালের জন্য এটি সংরক্ষণ করছে।' 

এছাড়াও ভারতীয় সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী বিরাটকে নিয়ে বলেন, 'সে (বিরাট) একজন দুর্দান্ত খেলোয়াড়। বিরাটের ওপেন করা চালিয়ে যাওয়া উচিত। মাত্র সাত মাস আগে ওয়ানডে বিশ্বকাপে ৭০০ রান করেছে। মানুষ কখনো কখনো ব্যর্থও হবে, এবং আপনাকে সেটা মেনে নিতে হবে।' ফাইনালে বর্তমান ও সাবেক অধিনায়কের কথার মান রাখলেন বিরাট, দলের বিপদের সময় ৫৯ বলে ৭৬ রানের এক কার্যকরী ইনিংস খেলেন। ফাইনালে এসে দেখা পেলেন এবারের আসরে প্রথম অর্ধশতকের দেখা। 

এছাড়াও যা এবারের আসরে এই ব্যাটারের সর্বোচ্চ রান। শুধু এই আসর নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও কোহলি। ৩৫ ম্যাচে ৩৩ ইনিংসে ব্যাট করে ১ হাজার ২৯২ রান আসে তার ব্যাট থেকে। এই তালিকায় দুই নম্বরে আছেন তারই সতীর্থ রোহিত শর্মা। ৪৭ ম্যাচে ৪৪ ইনিংসে ব্যাট করতে ১ হাজার ২২০ রান আসে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ব্যাট থেকে।

তবে এই কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে দিতে হয়েছে পরীক্ষা। অজুহাত হিসেবে দেখানো হয়েছে তার বয়সটাকে। তবে আইপিএলে দুর্দান্ত সময় কাটানোর কারণে জায়গা পেয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। এর পরই তো লিখলেন ইতিহাস। পেলেন অমরত্ব।

ইত্তেফাক/জেডএইচ