তানজিব সারোয়ার ও অবনী মাহবুবের ‘শেষ ঢেউ’

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:৩১

তানজিব সারোয়ার খুব কম গান করেন। কিন্তু তিনি যে গানটি করেন সেটি আলাদা গ্রহণযোগ্যতা পায় দর্শকের কাছে। গত বছর ‘সুড়ঙ্গ’র সবচেয়ে আলোচিত গান ‘গা ছুঁয়ে বল’তে কণ্ঠ দিয়ে কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। এরপর বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। এবার নতুন গান নিয়ে হাজির হলেন এই সংগীতশিল্পী। ‘শেষ ঢেউ’ শিরোনামের নতুন গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবনী মাহবুব।

‘শেষ ঢেউ’ গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এটির সুর-সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আদিত্য পাল। এতে মডেল হয়েছেন সুমিত ও তনুশ্রী।

এ প্রসঙ্গে তানজীব বলেন, ‘অবনী মাহবুবের সঙ্গে প্রথম কাজ আমার। সত্যি, কাজ করতে গিয়ে তার সহযোগিতা এনজয় করি। ‘শেষ ঢেউ’ গানটির কথাগুলো মনে গেঁথে থাকার মত। আশা করবো, শ্রোতারাও গানটি উপভোগ করবেন।’

গানটি নিয়ে অবনী মাহবুব বলেন, ‘আমি বরাবরই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে একটি গান করার চেষ্টা করি। সেই চেষ্টার অংশ হিসেবে তানজীবের সঙ্গে কাজ করা। তাই আমার দৃঢ় বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে।গানটির সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।’

কণ্ঠশিল্পী অবনী মাহবুবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ‘শেষ ঢেউ’ গানটির ভিডিও প্রকাশিত হয়। পাশাপাশি স্পটিফাই’সহ বিভিন্ন অডিও স্ট্রিমিং অ্যাপে রোমান্টিক ধাঁচের এই গানটি প্রকাশ হয়েছে।

ইত্তেফাক/এএইচপি