পীরগঞ্জে অসহনীয় লোডশেডিং থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় উপজেলাবাসী এ মানববন্ধন করে।
এ সময় অবিলম্বে পল্লী বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন রায়, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল হক মিম, উপজেলা জাসদের সভাপতি সলেমান আলী, উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মুর্তাজা, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহসভাপতি বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আকতার বানু, সাংবাদিক নুরনবী রানা, পল্লী বিদ্যুতের গ্রাহক সরকার আলমগীর, কলেজ শিক্ষার্থী শাহিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাচ্চু মিয়া জানান, সারা দেশে লোড শেডিং হচ্ছে। বর্তমানে অফ পিকআওয়ার লোড শেডিং হচ্ছে না। তবে পিক আওয়ারে ২/১ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। তাছাড়া ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে লাইন ও ট্রান্সফার্মার মাটিতে পড়ে যাওয়া এবং সার্কিট ব্যাকার ভেঙ্গে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে।
