বরগুনার পায়রা নদীতে ভেসে আসা মাথাবিহীন একটি বিশাল আকৃতির অর্ধগলিত তিমিটি প্রায় ২৫ ফুট লম্বা। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তিমিটির মাটি দেওয়ার কাজ চলমান।
সোমবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়া নামক এলাকার সংরক্ষিত বনে ভেসে আসা তিমি মাছাটি দেখতে পান স্থানীয়রা।
জানা যায়, ছোনবুনিয়া বনের যে অংশে তিমি মাছটি ভেসে এসেছে সেখানে খুব বেশি মানুষের যাওয়া আসা নেই। এ ছাড়াও গত দুই তিনদিন ধরে বৃষ্টি হওয়ায় কতদিন আগে মাছটি ভেসে এসেছে তা কেউ বলতে পারেন না। তবে রোববার বিকালে বিশাল আকৃতির মাছটি নজরে আসে স্থানীয়দের। পরে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রশাসনকে অবহিত করেন স্থানীয়রা।
ভেসে আসা তিমির বিষয়ে বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ওয়াটারকিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বায়ক আরিফুর রহমান বলেন, বনের মধ্য তিমি আকৃতির যে মাছটি দেখা যায় এটি এখন পঁচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। এখনই যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় এবং পানি থেকে উপরে উঠিয়ে মাটিচাপা না দেয়া হয় তাহলে এর দুর্গন্ধ আস্তে আস্তে এলাকায় ছড়িয়ে যাবে। এ ছাড়াও পানিতে মিশে লোকালয়ে চলে আসবে। এ কারণে দ্রুত এটাকে সংরক্ষণ করতে মাটিচাপা দেওয়া দরকার।
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা বলেন, নদীর তীরে মৃত তিমি মাছ ভেসে আসার খবর পয়ে স্থানীয় বন বিভাগকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে মাছটির ওজন ও আকার নির্ধারণ করার কাজ করছেন তারা। মৃত তিমির ব্যবস্থা গ্রহণে বরগুনায় কোন টিম নেই তাই পটুয়াখালীতে খবর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) পটুয়াখালীর টিম বরগুনায় এসে তিমি মাছটির মাটি দেওয়ার ব্যবস্থা করে।
