একটু বৃষ্টি হলেই হাঁটু পানির নিচে তলিয়ে যায় দিনাজপুর সরকারি সিটি কলেজ। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের।
সিটি কলেজ সূত্রে জানা গেছে, এ সমস্যা আগে ছিল না। কলেজের সামনে দেড় মাস আগে দিনাজপুর পৌরসভা একটি ড্রেন উঁচুভাবে তৈরি করার পর থেকে এই সমস্যা দেখা দেয়। বৃষ্টি হলেই ভোগান্তির ভয়ে কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমে যায়। বৃষ্টি হলে রাস্তাটির প্রায় আধা কিলোমিটার অংশ পানির নিচে তলিয়ে যায়।
দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক বলেন, আমরা খুবই ভোগান্তিতে আছি। শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীরা ঠিকমতো কলেজে প্রবেশ করতে পারছে না। এর সমাধানে পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে।
দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমেদুজ্জামান ডাবলু জানান, সিটি কলেজের ভোগান্তির বিষয়টি চিঠি আকারে অভিযোগ পেয়েছি। অতিশিগগিরই তা সমাধান করা হবে।
