গত দুদিনের টানা বৃষ্টিতে সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশ বেহাল হয়ে পড়েছে। এছাড়া অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সংস্কার সড়কে ইট, পাথর ও বিটুমিন উঠে গিয়ে এ খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরো লোহাগাড়া অংশে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের ঠাকুরদীঘির পাড়, পদুয়া, রাজঘাটা, পুরান বিওসি, বটতলী মোটর স্টেশন, আধুনগর ও চুনতির বিভিন্ন স্থানে ছোটো বড়ো অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চললে গর্তে জমে থাকা ময়লা পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ছে। উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের সড়কটির অংশ চলাচলের একেবারেই অনুপোযুক্ত। এ অবস্থায় প্রতিদিন শত শত যাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করছে। পথচারীরা জানান, উপজেলা সদরের বাণিজ্যিক কেন্দ্র বটতলীতে মহাসড়কটির অসংখ্য ছোটো বড়ো গর্তের কারণে চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসচালকরা জানান, প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোটো বড়ো গর্ত হয়। এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদ হোসেন জানান, বৃষ্টিতে ঐ সড়কে ছোটো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে সড়ক সংস্কারের কাজ করা হবে।
