হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি

৪১ দিনে এসেছে ১৬২৫ মেট্রিক টন

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:১৯

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিনই প্রচুর কাঁচা মরিচ আসছে। তার পরও বাড়ছে মরিচের দাম। দুই দিনের ব্যবধানে হিলিতে দেশীয় কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়েছে।

আমদানিকারকরা বলছেন, বন্দর দিয়ে প্রচুর পরিমান কাঁচা মরিচ আমদানি হওয়ার পরও কেন দাম বাড়ছে, তা তাদের জানা নেই। আর খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে খেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছেন না কৃষকরা। এ কারণে মোকামগুলোতে সরবরাহ কমে যাওয়া দেশীয় কাঁচা মরিচের দাম বেড়েছে।

সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত মঙ্গলবার মানভেদে দেশীয় কাঁচা মরিচ ১৩০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল বৃহস্পতিবার সেই কাঁচা মরিচ কেজিতে ৪০-৭০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বন্দরে আমদানিকৃত কাঁচা মরিচ মানভেদে ১৪৫-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে মরিচ কিনতে আসা ফরহাদ হোসেন বলেন, ‘কোরবানি ঈদের পর দেশীয় কাঁচা মরিচ ১২০-১৩০ টাকা কেজি দরে কিনেছি। সেই কাঁচা মরিচের দাম আজ ২০০ টাকা কেজিতে উঠেছে। দাম বেশি হওয়ায় আমি ৫০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কাঁচা মরিচ নিলাম।’

হিলি বাজারের কাঁচা মরিচবিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে খেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছেন না কৃষকরা। তাছাড়া বিগত দিনে তীব্র গরম আর টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উত্পাদনও অনেক কম হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমেছে। এ কারণে মোকামগুলোতে পাইকাররা বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করছেন। আমরা খুচরা ব্যবসায়ীররা পাইকারের কাছ থেকে বেশি দামে কিনে এনেছি। পরিবহন খরচ বাদ দিলে চার-পাঁচ টাকা লাভ থাকে।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর রেজা শাহিন বলেন, ‘প্রতিদিন বন্দর দিয়ে প্রচুর পরিমান কাঁচা মরিচ আমদানি হচ্ছে। টানা কয়েক দিনের বৃষ্টির কারণে মোকামগুলোতে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমেছে। তাই দাম বেড়েছে। তবে, আমদানিকৃত কাঁচা মরিচ বন্দরে ১৪৫-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২৩ মে থেকে ২ জুলাই পর্যন্ত ভারতীয় ১৬৭টি ট্রাকে ১ হাজার ৬২৫ মেট্রিক টন ২৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, অনুমতি পাওয়ার পর মে মাসের ২৩ তারিখ থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। কাঁচা মরিচ একটি পচনশীল পণ্য, তাই কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হচ্ছে।

ইত্তেফাক/এসটিএম