সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-পাবনা মহাসড়কের দুই পাশে তীব্র যানজট লেগে যায়।
সড়ক অবরোধককালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার প্রদর্শন ও কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। শিক্ষার্থীরা ইতোপূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না।
তারা আরও বলেন, আমরা কোটাব্যবস্থা বাতিল চাই না, কোটার সংস্কার চাই। যারা কোটা পাওয়ার অধিকার রাখে তাদেরকে অবশ্যই সেই অধিকার দেওয়া হোক। কিন্তু অতিরিক্ত কোটা দেওয়ার মাধ্যমে বিপুলসংখ্যক মেধাবীদের বঞ্চিত করার সুযোগ আমরা মেনে নিতে পারি না। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবি জানাই।
এর আগে সকাল এগারোটায় শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন। এরপর স্বাধীনতা চত্বরে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ধরে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা পাবনা মহাসড়কে গিয়ে শেষ হয়।
এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কোটা সংস্কারের দাবিতে রাবির প্যারিস এখন জনসমুদ্র
পুরান ঢাকায় অবরোধ করে কোটা বাতিলের দাবি জবি শিক্ষার্থীদের