কুষ্টিয়ায় মাদক কারবারি আটক, ৩৫৪ বোতল ফেনসিডিল জব্দ 

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:২৪

কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যাবের অভিযানে ৩৫৪ বোতল ফেনসিডিলসহ মোস্তাফিজুর রহমান (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করে র‍্যাব-১০।   

শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার যদুবয়রা নিদের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালায় র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ ৩৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশের এই বিশেষ বাহিনী। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৬২ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি চিহ্নিত মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। পরবর্তীতে তাকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ