রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (৮ জুলাই) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক হাদিউজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শুক্রবার রাতে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীসহ ৫ জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাঘা পৌর মেয়র ছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন মজনু, টুটুল, আবদুর রহমান ও স্বপন। পরদিন সকালে তাদের রাজশাহীতে আনা হয়। সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুরে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়। সেদিন মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চাইলে শুনানি না হওয়া পর্যন্ত জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়র আক্কাছের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়।
