গ্রিসকে পুনরায় ‘গৌরবান্বিত’ করতে চান নতুন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:০৩

গ্রিসের সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থি বিরোধী দল নিউ ডেমোক্র্যাসি জয় পেয়েছে। দলটির নেতা কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি গ্রিসকে পুনরায় ‘গৌরবান্বিত’ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অধিকাংশ জেলায় ভোট গণনা শেষে প্রতিদ্বন্দ্বী কিরিয়াকোস মিতসোতাকিসের কাছে পরাজয় মেনে নেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। ৮৮ শতাংশ জেলার ভোটের ফলাফল আসার পর দেখা যায়, নিউ ডেমোক্র্যাসি ৩৯ দশমিক আট শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে, সিপ্রাসের বামপন্থি সিরিজা পার্টি ৩১ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। নির্বাচনে জয়ী দল পার্লামেন্টে অতিরিক্ত ৫০টি আসন পাওয়ার কারণে নিউ ডেমোক্র্যাসি নিরঙ্কুশ জয় পেয়েছে। নতুন প্রধানমন্ত্রী মিতসোতাকিস সমর্থকদের বলেন, তিনি পরিবর্তনের জন্য জোরালো সমর্থন পেয়েছেন। তার দেশ ‘পুনরায় গর্বিতভাবে মাথা উঁচু করে দাঁড়াবে’ বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মিতসোতাকিস বলেন, তিনি গ্রিসের মানুষের ‘আশাবাদকে সম্মান’ জানাতে ব্যর্থ হবেন না। এদিকে নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর অভিনন্দন জানানোর জন্য মিতসোতাকিসকে ফোন করেছেন বলে নিশ্চিত করেন সিপ্রাস। এক সংবাদ সম্মেলনে ‘মাথা উঁচু করে জনগণের রায় মেনে নেওয়ার’ কথা জানান তিনি।

গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন ৫৭ শতাংশ ভোট পড়েছে এ নির্বাচনে। দেশটিতে ভোট দেওয়া কার্যত বাধ্যতামূলক হলেও এ আইনটি প্রয়োগ করা হয় না। রবিবার ভোটের দিন দেশটির বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৩৫ সেলসিয়াসের ওপরে উঠায় অনেকেই সমুদ্রসৈকতে গিয়ে ভিড় করেন, অনেকে বাড়ি থেকে বেরই হননি।