হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫:২৮

হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, রোগী হাসপাতালে আসে সুস্থ হতে, নষ্ট-পচা খাবার খেয়ে যেন আরও অসুস্থ না হয় সেদিকে নজর দিতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। খাদ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগীদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি আরও বলেন, হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানি না হয় সেটি নিশ্চিত করতে হবে। অহেতুক এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে। অহেতুক এন্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।

সরকারি ঔষধ বিনামূল্য বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। রোগীদের খাবার সরবারহে যেন নির্দেশ মোতাবেক খাবার দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

ইত্তেফাক/জেডএইচ