বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আরেফিন আর নেই। গতকাল সোমবার সকাল ৯টায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হূদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাসান আরেফিন প্রায় ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য ‘দৈনিক নতুন কাগজ’-এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এছাড়া দৈনিক বর্তমানের উপসম্পাদক, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেন। ২০০৬ সালে তিনি ডিআরইউর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরপর দুবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন। গতকাল বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম এবং দুপুর ২টায় ডিআরইউ চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরদেহ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।
হাসান আরেফিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
