সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদের বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় দুই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় হুমকির বিষয়ে জিডি করেন তালাতের বাবা তরিকুল ইসলাম। আর গত সোমবার রাতে হাটহাজারী থানায় জিডি করেন তালাত নিজেই।
দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন বলছে, সাধারণ ডায়েরিতে তরিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদের নাম উল্লেখ করেছেন। এতে তিনি বলেন, গত রোববার রাত ১০টা ২৫ মিনিটে এক ব্যক্তি তার মুঠোফোনে কল করেন। ওই ব্যক্তি তাকে বলেছেন, আপনার ছেলে কোটা আন্দোলন করছে, আন্দোলন থেকে সরে না এলে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবেন না, হয়তো আপনার ছেলের লাশটি পেতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছেন। তার নাম হৃদয় আহমেদ। থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে। স্থায়ী ঠিকানা নরসিংদীর শিবপুর উপজেলায়।
মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তিনি আদালতকে অবহিত করবেন। পরে আদালত অনুমতি দিলে তদন্ত করবেন।
অন্যদিকে তালাত মাহমুদের করা জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি। এতে তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তার ক্ষতিসাধন করতে পারে।
অভিযোগের বিষয়ে হৃদয় আহমেদ বলেন, তিনি তালাতের বাবাকে ফোন দিয়েছিলেন। তবে কোনো হুমকি দেননি। তালাত নিজেও মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাই তিনি তার বাবাকে তালাতকে বিষয়টি বোঝানোর জন্য বলেছিলেন।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারও একই দাবিতে গণসংযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খান তালাত মাহমুদ শুরু থেকেই এ আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
