ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি

আপডেট : ১০ জুলাই ২০২৪, ২২:০৪

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ প্রধান সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে এলাকাবাসী। ৩ ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ থাকার কারণে উভয় দিকে প্রায় ২ হাজার যানবাহন আটকা পড়ে। প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাসে কর্মসূচি থেকে উঠে যায় ইউনিয়নবাসী।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টা হতে বেলা ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্রিজের মোড়ে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, অবস্থানের কারণে সড়কে আটকা পড়ে হাজার মানুষ। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মুখের কথায় নয়, লিখিত কাগজ চান। যে দ্রুত যাতে রাস্তার কাজ শুরু হয়। এবং তারা উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত চান। পরে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান এসে বিক্ষোভকারীদের জানান, যত দ্রুত সম্ভব রাস্তার কাজটি শুরু করা হবে। এতেও অবস্থানকারীরা আশা না পেয়ে কাজ কবে থেকে শুরু করা হবে তার লিখিত পত্র চান। এ সময় বিক্ষোভকারী জানান, বর্ষার সময় যেহেতু রাস্তার কাজ শুরু করা সম্ভব নয়। তাই তারা রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি করেন। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল উপস্থিত হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আশ্বাস্ত করেন রাস্তার কাজটি দ্রুত শুরু করা হবে। পরে বিক্ষোভকারীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। সেখানে আজই রাস্তা চলাচলের উপযোগীর কাজ শুরু করা হবে মর্মে কথা হলে বিক্ষোভ ও অবস্থানকারী কর্মসূচি তুলে নেয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এমএম আশিক রেজা, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, রাস্তাটির কাজের ঠিকাদার, সংশ্লিষ্ট ইউপি সদস্য বাবুল হোসেনসহ অনেকে। 

ইত্তেফাক/পিও