গোদাগাড়ীতে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৩১

রাজশাহীর গোদাগাড়ীতে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম শাহাবুদ্দিন মাস্টার। ঘটনার পর থেকে তাদের অভিযুক্ত ছেলে সালেক আহমেদ (৩২) পলাতক। উচ্চশিক্ষিত সালেক আহমেদ দীর্ঘদিন ধরেই মাদক সেবন করেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে রাজি হননি। ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সালেক গলায় রশি পেঁচিয়ে মায়ের মরদেহ ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে সবাই আত্মহত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশির ভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থলে পড়ে ছিল হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়ি জব্দ করেছে। ওসি আরও জানান, ঘটনার পর থেকে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্ত হয়। আর এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।