গোপালগঞ্জের কাশিয়ানীতে তেতুলিয়া বিল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে চারজনকে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) বিকালের দিকে উপজেলার রাজপাট ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ওই এলাকার হারাধন মৃধা (৩৪), সরজিৎ মন্ডল (২৪), স্বপন সরকার (২২) ও কৃষ্ণ মন্ডল (২৫)।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা তেতুলিয়া বিল থেকে প্রতিনিয়ত বালু তোলার অভিযোগ ছিল। তাদের বারবার সতর্ক করার পরেও বিষয়টিতে কর্ণপাত না করে নিজেদের স্বার্থে বালু তোলা অব্যাহত রাখেন।
এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবাইকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
