সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় এ অবরোধ। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়। যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বলেন, মেধার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের একটাই দাবি, মেধায় চাকরি হবে দিতে হবে।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছেন।
