বৈদ্যুতের মিটার চুরি: ফেরত পেতে লাগে ৬ হাজার টাকা!

আপডেট : ১১ জুলাই ২০২৪, ২১:২১

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুতের মিটার চুরি করে চিরকুট রেখে যাচ্ছে চোর। তাতে লেখা থাকছে ‘চুরি যাওয়া মিটার ফেরত পেতে ফোন করুন’। চিরকুটে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে বিকাশে চাওয়া হচ্ছে টাকা। টাকা পাঠানোর পর মিটার কোথায় পাওয়া যাবে, তা বলে দিচ্ছে চোর চক্র।  

জানা গেছে, গত বুধবার (১০ জুলাই) রাতে পুঠিয়ার বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন এলাকা থেকে ১১টি মিটার চুরি হয়। পরে মিটারের স্থানের আশেপাশে ভুক্তভোগীরা একটি ছোট চিরকুট পান। সেখানে দেওয়া আছে ফোন নাম্বার। সে নম্বরে যোগাযোগ করলে মিটারের জন্য দাবি করা হয় ৬ হাজার টাকা। টাকা পরিশোধ করা হলে কোথায় মিটার পাওয়া যাবে তা জানিয়ে দিচ্ছে চোর চক্র। 

ভুক্তভোগী মিটার মালিক আয়নাল হোসেন বলেন, সকালে মিলে গিয়ে দেখি মিটার নেই। পরে সেখানে একটি চিরকুট দেখতে পাই। সেখানে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগ করলে মিটার ফেরত পেতে ৬ হাজার টাকা চাওয়া হয়। বাধ্য হয়ে ঐ নম্বরে ৬ হাজার টাকা বিকাশ করি। পরে তারা জানান মিলের পাশের জঙ্গলে মিটার রাখা আছে। সেখানে মিটারটি খুঁজে পাই।  

স্থানীয় আলাউদ্দিন হোসেন বলেন, আমার মিটারটিও চুরি হয়েছিল। যখন জানতে পারি টাকা পরিশোধ করার পরে আশেপাশে মিটার পাওয়া যাচ্ছে, তখন কিছু লোকজন নিয়ে আমার মিলের আশেপাশে খোঁজাখুঁজি করি। সেখানে মিটারটি খুঁজে পাই। 

পুঠিয়া বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমরা শুনেছি। গ্রাহকদের পরামর্শ দিয়েছি পুলিশ ও র‍্যাবের কাছে অভিযোগ দেওয়ার জন্য।  

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। যদি কেউ অভিযোগ করেন তবে তদন্ত করে দেখা হবে।  

ইত্তেফাক/এসএ