সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণ মামলার তদন্ত চার মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলা বাতিল ও কার্যক্রম স্থগিত চেয়ে তার করা আবেদন নিষ্পত্তি করতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিমিটেড। যোগাযোগমন্ত্রী থাকাকালে নাজমুল হুদা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে তার স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন খবরের অন্তরালে পত্রিকার ব্যাংক হিসাবে জমা দিতে বলেন। ঘুষের টাকা না দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হবে বলে হুমকি দেন—এমন অভিযোগে ২০০৮ সালের ১৮ জুন দুদক মামলা করে।
