রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য সহায়তা দেবে

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:৩০

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। কফি আনান কমিশনের রিপোর্টের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনই এখন এ সংকট সমাধানের বড়ো উপায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। রোহিঙ্গা ইস্যুতে চীন সরকারের বক্তব্য ও অবস্থান খুবই উত্সাহব্যঞ্জক।

গতকাল সোমবার সকালে গণমাধ্যমে কূটনেতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে ব্রিটিশ দূত একথা বলেন। বিস মিয়নায়তনে এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি রাহীদ এজাজ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের নিজদেশে ফিরিয়ে নিয়ে নাগরিকত্বসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হলে প্রত্যাবাসন টেকসই হবে। ব্রিটিশ সরকার এক্ষেত্রে সহায়তা দেবে। রাখাইনে সংগঠিত নৃশংসতার জন্য দায়ী সেনা কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এজন্য প্রস্তাব পাশে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নৃশংসতা ও নিপীড়নের অভিযোগগুলোর যথাযথ তদন্ত করা খুবই জরুরি।

রবার্ট ডিকসন আরো বলেন, যে কোনো কার্যকর গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা খুবই প্রয়োজনীয়। বাংলাদেশ এখন মধ্যআয়ের দেশে উপনীত হওয়ার পথে। তাই এ অবস্থায় একটি সজাগ নাগরিক সমাজ গঠন জরুরি। যেখানে উন্মুক্ত বিতর্ক, গণতন্ত্র চর্চার সুযোগ থাকা দরকার। সেইসঙ্গে সুশাসন, লিঙ্গ সমতা, গণতন্ত্র, দারিদ্র্য দূরীকরণ দরকার।

এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের আদালত। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের কোনো ভূমিকা নেই।