জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল প্রশাসন অনশন প্রত্যাহার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০০:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের সাত দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ১ জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীরা সাত দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের একপর্যায়ে গত রবিবার কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভূইয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ফলের জুস পান করিয়ে তাদের অনশন ভাঙান। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. মো. নূর মোহাম্মদসহ অন্য সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় বা বাধাগ্রস্ত হয় এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।