মুখে কালো কাপড় বেঁধে জাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচির ঘোষণা

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:২৪

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের বিপরীতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

সোমবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা এ বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষকদের ঘোষিত কর্মসূচিগুলো হলো, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং রবিবার রাতে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জাবিতে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন, চলমান পেনশন স্কিম ইস্যু নিয়ে আমরা জরুরী সভায় বসেছিলাম। সেখানে আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের প্রাঙ্গণে আমরা শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করবো।পাশাপাশি গতকাল রাতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করবো।

এর আগে, রবিবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে৷ পেনশন ফান্ড বলে কিছু নেই। সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য৷ আন্দোলন চালাতে-চালাতে তারা টায়ার্ড হোক, তারপর আলোচনা বসব।

ইত্তেফাক/এআই