সোনারগাঁওয়ের ছাপেরবন্দ এলাকায় গত রবিবার বিজয় হোসেন (১৮) নামে এক শ্রমিককে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় লোকজন। তারা অপহরণের চেষ্টাকারী ৮ জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার দুপুরে সোনারগাঁও থানার ওসি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐ ৮ জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো ফজলে রাব্বি ওরফে রাব্বি, হিমু, সজিব, ইয়াসিন, আরিফ, মেহেদী হাসান, রিয়াদ ও গাড়িচালক ফজলুর হক ওরফে ফজল। এ ঘটনায় বিজয়ের মা নুরতাজ বেগম বাদী হয়ে গতকাল সোমবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। বিজয় সোনারগাঁও পৌর এলাকার শোভন পলিব্যাগ লিমিটেডের শ্রমিক।
মামলার এজাহার থেকে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের গোলজার হোসেনের ছেলে বিজয় হোসেন গত রবিবার দুপুরে কারখানায় কাজ শেষে দুপুরে খাবারের জন্য বাড়ি ফিরছিলেন। এসময় ছাপেরবন্দ এলাকা সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়াম অতিক্রমকালে সাদা রঙের একটি গাড়ি তার সামনে এসে পথ গতিরোধ করে। পরে গাড়ির আরোহী রাব্বি একটি ঠিকানা জানতে বিজয় হোসেনকে ডাক দেয়। বিজয় গাড়ির সামনে যেতেই তাকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে রাব্বিসহ অন্যরা পালানোর চেষ্টা করে। এসময় বিজয়ের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির গতিরোধ করে রাব্বিসহ ৮ জনকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণের কাজে ব্যবহূত গাড়িসহ রাব্বিসহ হিমু, সজিব, ইয়াসিন, আরিফ, মেহেদী হাসান, রিয়াদ ও গাড়িচালক ফজলুর হককে গ্রেফতার করে। উদ্ধার করে বিজয়কে। এ ঘটনায় অপহূতের মা নুরতাজ বেগম বাদী হয়ে গতকাল সকালে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। সোনারগাঁও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, শ্রমিক বিজয়কে অপহরণের চেষ্টাকারী ৮ জনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানার বিভিন্ন এলাকায়। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অবৈধ পলিথিন কারখানা বন্ধ
২ হাজার ২০০ ব্যাগ জব্দ
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর, সোনারগাঁও উপজেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে সোনারগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা একটি পলিথিন কারখানা বন্ধ করা হয়েছে। সোমবার সকালে পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর গ্রামে শাফায়াত এন্টারপ্রাইজ নামক ঐ পলিথিন কারখানা থেকে ৮০০ কেজি শপিং ব্যাগ ও ২৬ বস্তা পলি প্রোপাইলিন জব্দ করা হয়।
সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঐ প্রতিষ্ঠানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এসময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার ও র্যাব-১১ এএসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মইনুল হক উপস্থিত ছিলেন।
