মাদারীপুরের পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এর প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) নিহতদের গায়েবানা জানাজা ও প্রতীকী কফিন মিছিল কর্মসূচি দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তেমনভাবে কোথাও কর্মসূচি পালনের সুযোগ পাননি শিক্ষার্থীরা। ফলে ঢাকা ছাড়াও দেশজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।
বুধবার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
প্লাটফর্মের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ই জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি। কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।’
