গ্রাম্য দলাদলির জেরে ৩ বাড়ি ভাংচুর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮

নড়াইলের লোহাগড়ায় ইউপি নির্বাচন নিয়ে গ্রাম্য দলাদলির জের ধরে তিনটি বাড়িতে ভাংচুর, লুটপাট, মহিলা ও শিশুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকালে কোটাকোল ইউপির রায়পাশা গ্রামে।

এলাকাবাসী ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, কোটাকোল ইউপির নির্বাচন নিয়ে গ্রাম্য দলাদলির বিরোধের কারণে গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রায়পাশা গ্রামের আলিম খান, মশিয়ার বিশ্বাস ও ইনামুল ফকিরের বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ দুজন মহিলা ও একটি শিশুসহ ৫জনকে মারপিট করে।

মারপিটে আহতরা হলেন আলিম খান (৪০), তার স্ত্রী মাহফুজা বেগম (৩০), মশিয়ার বিশ্বাস (৪৫), তার স্ত্রী বিনা বেগম (৩২) ও তার শিশু কন্যা মেঘলা(৩)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করগাতি গ্রামের মিসকাত খান, মাকলু খান, এসতে খান, মনি ফকির, গোলাম রসুল খানসহ ১৫/২০ জনে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুরসহ নগদ টাকা, ভ্যানগাড়ি, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাধা দিলে তারা মহিলা ও শিশুকে মারপিট করে। ওই তিন পরিবারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার এসআই নুরুস সালাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমবার দুপুরে  জানান, 'ইউনিয়ন নির্বাচনের জের ধরে এঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

ইত্তেফাক/নূহু