কোটা আন্দোলন

রাজশাহীতে সহিংসতা ও নাশকতার ১৬ মামলায় গ্রেপ্তার ১৭৯

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৩৫

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরীতে ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) এবং জেলা পুলিশের মুখপাত্রদ্বয় এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় সোমবার পর্যন্ত ৯টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৮৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

অন্যদিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মোৎ জামিরুল ইসলাম জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া, মতিহার ও চন্দ্রিমা থানায় সোমবার পর্যন্ত মোট ৭টি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এনএন